মাথায় ডালা নিয়ে তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কৌশিকী অমাবস্যার আগে বিশেষ বার্তা!

মাথায় ডালা নিয়ে তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কৌশিকী অমাবস্যার আগে বিশেষ বার্তা

বীরভূম: কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারার পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মাথায় ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বিশেষ পুজোয় অংশ নেন তিনি। লাল বেনারসি, পদ্ম ও অপরাজিতার মালা দিয়ে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি মন্ত্রোচ্চারণ করে পুষ্পাঞ্জলি দেন ও নিজে হাতে দেবীকে মালা পরিয়ে আরতিও করেন।

মুখ্যমন্ত্রীর তারাপীঠ আগমন ঘিরে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাঁকে দেখতে ভিড় জমান বহু মানুষ। অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন।

পুজো শেষে মুখ্যমন্ত্রী বলেন, “মা তারার আশীর্বাদে সরকার তৈরি হয়েছে। মা তারা, ঐতিহ্য-সংস্কৃতি ও রবীন্দ্রনাথের বীরভূম গড়ে তুলব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কালীঘাট-সহ রাজ্যের বিভিন্ন আস্থার জায়গায় দর্শন করেছি। তারাপীঠ দর্শন বাকি ছিল, আজ করে গেলাম।”

কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে তারাপীঠে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। পুজোর দিন বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

প্রশ্ন করা হলে আগের সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “সব হবে। আগের সরকারের একটাই মন্ত্র ছিল নো, নো, নো। বর্তমান সরকারের একটাই মন্ত্র হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।”

কৌশিকী অমাবস্যার প্রাক্কালে মুখ্যমন্ত্রীর তারাপীঠে পুজো ও উন্নয়ন ও ঐতিহ্য-সংস্কৃতিকে ঘিরে তাঁর বক্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here