জলপাইগুড়ি: শিক্ষক দিবসের বিশেষ খাওয়াদাওয়াকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুলে। ছাত্রদের মারধরে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাদ বারুই।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, আহত প্রধান শিক্ষককে উদ্ধার করতে আসা পুলিশের গাড়িও আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল।
অভিযোগ, দশম শ্রেণির ছাত্রদের ওই খাওয়াদাওয়ার আওতায় রাখা হয়নি।
পাশাপাশি, মিড-ডে মিলের খাবারের পরিমাণ নিয়েও ছাত্রদের মধ্যে ক্ষোভ ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্কুল চত্বরেই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ছাত্রদের মারধরে প্রধান শিক্ষক ধর্মচাদ বারুই রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান বলে অভিযোগ।
এরপর তাঁকে কার্যত মারতে মারতে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির পথও ছাত্ররা আটকে দেয় বলে অভিযোগ। পরে পুলিশি হস্তক্ষেপে আহত প্রধান শিক্ষককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুরো ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।















































