কার্শিয়াং: দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন ও অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গ ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে আরও বেশি করে তুলে ধরতে হবে।
এর ফলে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে ও পাহাড়ের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে।
তিনি আশা প্রকাশ করেন, দেশি – বিদেশি পর্যটকদের আগমনের মাধ্যমে পাহাড়ের অর্থনীতি ও পর্যটন ব্যবসা নতুন গতি পাবে।
মন্ত্রী আরও বলেন, রাজ্যে নবগঠিত সরকার ও কেন্দ্রের সহযোগিতায় পাহাড়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
একইসঙ্গে তিনি জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-র কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, জিটিএ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে।
সিআইডি তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে ও অপশাসন কায়েম করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ এলে আইন তার নিজস্ব পথে ব্যবস্থা নেবে।
এছাড়াও পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় গঠিত বিভিন্ন বোর্ডের সমালোচনা করে দিলীপ ঘোষ দাবি করেন, মানুষের উন্নয়নের পরিবর্তে সেসব বোর্ড মূলত অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল।
মন্ত্রী তাঁর বক্তব্যের শেষে পাহাড়ের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও পর্যটন শিল্পের বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন।















































