গঙ্গার জলস্তর বৃদ্ধি, মালদার সীমান্তবর্তী এলাকায় বন্যার আশঙ্কা!

বৈষ্ণবনগর ও কুম্ভরা এলাকায় জল ঢুকতে শুরু, ৭০-৭৫ জনকে আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে

মালদা: গঙ্গার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করেছে বৈষ্ণবনগর ও কুম্ভরা এলাকার বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চলে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বৈষ্ণবনগর ও পারলালপুর সংলগ্ন কয়েকটি এলাকায় জল জমেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও পুলিশ। ইতিমধ্যেই প্রায় ৭০ থেকে ৭৫ জনকে বন্যার আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে গঙ্গার জলস্তর বাড়তে থাকায় নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে উদ্বেগ ছড়িয়েছে। জল আরও বাড়লে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারিও বাড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here