উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা
শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকা থেকে সাতটি সোনার বার সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রেম কুমার (৪৩)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে সোনা পাচারের খবর পাওয়ার পর শিলিগুড়ি জংশন এলাকায় নজরদারি শুরু করা হয়।
সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় প্রেম কুমারকে। এরপর পুলিশ তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সাতটি সোনার বার।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া প্রতিটি সোনার বার ২৪ ক্যারেটের। সাতটি সোনার বারের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
উদ্ধার হওয়া সোনা কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
ধৃত প্রেম কুমারকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
সোনা পাচারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান ও গোটা চক্রের হদিস পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।















































