মালবাজার: মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটল সেভকের তিস্তা করোনেশন সেতুতে।
সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পাথরের উপর পড়ে গুরুতর জখম হন এক যুবতী।
খবর পেয়ে মংপং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যায়।
তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম সৃষ্টি প্রধান (২১)। তাঁর বাড়ি দার্জিলিং জেলার কার্শিয়াং এলাকায়। তিনি শিলিগুড়ির একটি কলেজে পড়াশোনা করতেন ও শিলিগুড়িতেই থাকতেন।
মঙ্গলবার দুপুরে সেভকের করোনেশন সেতু এলাকায় ঘুরতে এসেছিলেন সৃষ্টি।
আচমকাই তিনি সেতুর উপর থেকে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। এরপরই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মংপং ফাঁড়ির পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।















































