শিলিগুড়ি: দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকার পর তৃণমূল জমানায় একাধিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান নেতা মহানন্দা মণ্ডলকে।
বিধানসভা নির্বাচনের সময় প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেবের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন।
তবে তৃণমূলে যোগ দেওয়ার পর দল তাঁকে সেভাবে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ মহানন্দা মণ্ডলের।
দলের বিভিন্ন কর্মসূচিতে প্রত্যাশিত ভূমিকা না পাওয়া ও সাংগঠনিক ক্ষেত্রে উপেক্ষিত হওয়ার অভিযোগ ঘিরেই ধীরে ধীরে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে রাজনৈতিক মহলের দাবি।
অবশেষে এদিন তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা প্রকাশ্যে জানালেন শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের এই বর্ষীয়ান নেতা।
তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক সমীকরণে সক্রিয় থাকা মহানন্দা মণ্ডলের তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত আগামী দিনে কোন রাজনৈতিক দিকে মোড় নেয়, তা নিয়েই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।















































