বৃহন্নলা সমাজের বড়মাকে লক্ষ্য করে গুলি!

বাইপাসে দুষ্কৃতীদের হামলা, গাড়িতে লাগলো দু’টি গুলি; অল্পের জন্য প্রাণে বাঁচলেন শোভা হালদার

পূর্ব মেদিনীপুর: শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বৃহন্নলা সমাজের বড়মা শোভা হালদারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

মেচোগ্রাম বাইপাস এলাকায় গাড়িতে করে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। তার মধ্যে দু’টি গুলি শোভা হালদারের চার চাকা গাড়িতে লাগে। হামলার পরপরই দুষ্কৃতীরা খড়গপুরের দিকের রাস্তা ধরে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান শোভা হালদার। গুলির শব্দ ও হামলার আতঙ্কে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গিয়েছে। পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গাড়িতে লাগা গুলির চিহ্ন ও ঘটনাস্থলের অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঠিক কী কারণে শোভা হালদারকে লক্ষ্য করে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।

ব্যক্তিগত শত্রুতা, পূর্ববিরোধ নাকি অন্য কোনও কারণ হামলার নেপথ্যে কী রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here