ব্যারাকপুর: রাজ্যের পরিবহন দপ্তরে দুর্নীতি দূর করা গেলে আগামী দিনে ‘সোনার সরকারি বাস’ চলবে বলে দাবি করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
মঙ্গলবার ব্যারাকপুরের সুভাষচন্দ্র বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি বলেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে পরিবহন দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছিল।
বর্তমানে সেই সব অনিয়ম ও ‘লিকেজ’ চিহ্নিত করে তা দূর করার কাজ চলছে।
মন্ত্রীর অভিযোগ, তৎকালীন সরকারে বহু বাস বৈধ রুট পারমিট ছাড়াই চলাচল করত।
বেআইনিভাবে রুটে বাস চালানোর অনুমতি দেওয়া হতো ও এর মাধ্যমে কিছু নেতা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বলে দাবি করেন তিনি।
বর্তমান সরকার সেই সমস্ত অনিয়ম বন্ধ করে পরিবহন ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নিয়েছে বলেও জানান।
অর্জুন সিং বলেন, পরিবহন দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা গেলে সরকারি বাস পরিষেবায় আমূল পরিবর্তন আসবে।
যাত্রীদের উন্নত, নিরাপদ ও আধুনিক পরিষেবা দেওয়াই সরকারের লক্ষ্য।
তাঁর কথায়, “পরিবহন দপ্তরের সব লিকেজ বন্ধ করতে পারলে আগামী দিনে রাজ্যে সোনার সরকারি বাস চলবে।”
Home শ্রেণী-বহির্ভূত দুর্নীতি মুক্ত হলেই ‘সোনার সরকারি বাস’ চলবে রাজ্যে, দাবি পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের!















































