খাটের তলায় বিষধর গোখরো!বাড়িতে আতঙ্ক, উদ্ধার বনদপ্তরের!

শান্তিপুর: খাটের তলায় লুকিয়ে থাকা বিষধর গোখরোকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শান্তিপুরের চর জিজিরা এলাকায়।

শান্তিপুর বামা কালী মন্দির সংলগ্ন একটি গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ।

আচমকা ঘরের ভিতরে বিষধর সাপের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির এক সদস্য খাটের নিচে সাপটিকে জড়িয়ে থাকতে দেখেন।

বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানাতেই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনওরকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর বনদপ্তরে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সতর্কতার সঙ্গে খাটের তলা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপটি একটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো।

গোখরোটি উদ্ধার হওয়ার পর স্বস্তি ফেরে পরিবারের সদস্যদের মধ্যে।

বনদপ্তর সূত্রে আরও জানা যায়, সাপটিকে আপাতত নিরাপদ থাকলেও পরে সেটিকে জঙ্গলে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

বাড়ির ভিতর থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালেও বনদপ্তরের দ্রুত তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপদে সাপ উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here