বিমানবন্দরে শমীক- সুকান্ত- শুভেন্দুদের উপস্থিতিতে স্বাগত, একাধিক সাংগঠনিক বৈঠকের কর্মসূচি
কলকাতা: দু’দিনের বঙ্গ সফরে রবিবার কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বের একাধিক শীর্ষ নেতা।
তাঁকে ঘিরে বিমানবন্দর চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্ব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
দু’দিনের সফরে রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নীতিন নবীনের।
রাজ্য সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক কাজকর্ম ও আগামী দিনের কর্মসূচি নিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনা হওয়ার কথা।
পাশাপাশি রাজ্য পদাধিকারী, জেলা নেতৃত্ব, সাংসদ-বিধায়ক এবং দলের কোর কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সংগঠনের বিভিন্ন স্তরে সমন্বয়, দলীয় কর্মসূচি এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
নীতিন নবীনের এই বঙ্গ সফরকে ঘিরে রাজ্য বিজেপির সাংগঠনিক মহলে তৎপরতা বেড়েছে। সফর শেষে রাজ্য সংগঠনকে নিয়ে দলের পরবর্তী কর্মপন্থা আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।















































