মতুয়া মহাসংঘের মহাসম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রীর আহ্বান, রাজ্যের হাতে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নেই
উত্তর দিনাজপুর: নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, রাজ্য সরকারের হাতে নাগরিকত্ব দেওয়ার কোনও ক্ষমতা নেই – মতুয়া মহাসংঘের মহাসম্মেলন থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর।
CAA-এর মাধ্যমে এখনও যারা নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার জন্যও আহ্বান জানান তিনি।
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের ফুলবাড়ি শ্মশান কালীমন্দির সংলগ্ন বাউল মাঠে অনুষ্ঠিত হয় গোয়ালপোখর ব্লক মতুয়া মহাসংঘের মহাসম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল-সহ মতুয়া মহাসংঘের একাধিক নেতৃত্ব।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। তাই মতুয়া সম্প্রদায়ের যাঁরা এখনও CAA-এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার আহ্বান জানান তিনি।
এদিনের সম্মেলনে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের মধ্যে নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।















































