অটুট শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, রাজা ফালাকাটা – তুলাকাটা ঠাকুরের পুজোয় ভক্তদের ঢল!

রাজগঞ্জ: প্রায় ২০০ থেকে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রাজা ফালাকাটা ও তুলাকাটা ঠাকুরের মন্দির আজও ধর্মীয় বিশ্বাস ও লোকঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি- ফালাকাটা চাকিয়াভিটায় শনিবার মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো বাৎসরিক পুজো ও একদিনের মেলা।

লোকবিশ্বাস অনুযায়ী, দেবী চৌধুরানী এই মন্দিরে পুজো দিতেন।

সেই ঐতিহ্যকে ধরে রেখেই প্রতিবছর অম্বুবাচীর পরবর্তী শনিবার এই পুজোর আয়োজন করা হয়।

দার্জিলিং সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা পুজো দিয়ে মানত করেন সাথে মেলায় অংশ নেন।

তবে ধর্মীয় গুরুত্ব থাকা সত্ত্বেও মন্দিরের বর্তমান অবস্থা অত্যন্ত জীর্ণ।

মন্দির কমিটির দাবি, দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে সংস্কার না হওয়ায় ঐতিহ্যবাহী এই স্থাপনা ভগ্নদশায় পৌঁছেছে।

নতুন সরকারের কাছে দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছেন তাঁরা।

এলাকার মানুষের মতে, এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, কৃষিজীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

কারণ এই পুজোর পর থেকেই শুভ সূচনা হয় আমন ধানের চাষের।

ঐতিহ্য, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধনে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো পুজো ও মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here