মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করল লালগোলা থানার পুলিশ।
শনিবার রাতে লালগোলার মধ্য রামনগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ধৃতদের নাম মহম্মদ দুলাল (৩১) ও রোসদুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৈধ নথিপত্র ছাড়াই ওই দুই যুবক ভারতে প্রবেশ করেছিলেন। পরে লালগোলার রামনগর এলাকায় তাঁদের অবস্থানের খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে দু’জনকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের বাড়ি বাংলাদেশে বলে পুলিশ জানতে পারে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দু’জনের কাছ থেকে ভারতে থাকার বৈধ নথিপত্র পাওয়া যায়নি।
তাঁদের কীভাবে ভারতে প্রবেশ, কোথায় কোথায় অবস্থান করেছিলেন ও স্থানীয়ভাবে তাঁদের সঙ্গে আর কারও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার ধৃত দু’জনকে লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।















































