মালদা: সাতসকালেই মালদার চাঁচলে শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকদের।
সোমবার সকাল ৭টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মুলাইবাড়ি এলাকার বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। এরপর শুরু হয় তল্লাশি।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান।
অভিযোগ, শফিকুল আলমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার মাধ্যমে পাওয়া বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে।
সেই আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্তে নেমে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।
তল্লাশিতে বিভিন্ন নথিপত্র, ব্যাঙ্ক সংক্রান্ত কাগজপত্র সহ আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের স্বার্থে আরও কী কী তথ্য বা নথি ED আধিকারিকদের হাতে এসেছে, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, অভিযান ঘিরে মুলাইবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ED-র তরফে এখনও পর্যন্ত এই অভিযান সম্পর্কে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।















































