কেদারনাথের পথে ধস, চিরবাসায় আটকে ১৫০০ পুণ্যার্থী উদ্ধার
যৌথ অভিযানে গৌরীকুণ্ডে পৌঁছে দেওয়া হল তীর্থযাত্রীদের
রুদ্রপ্রয়াগ: উত্তরাখণ্ডের কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের চিরবাসা এলাকায় ভূমিধসের জেরে আটকে পড়েন প্রায় ১,৫০০ পুণ্যার্থী।
রবিবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে প্রশাসন।
এসডিআরএফ, এনডিআরএফ সহ ডিডিআরএফের যৌথ দল চিরবাসা এলাকায় পৌঁছে আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করে।
অত্যন্ত সতর্কতার সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাস্তা পার করিয়ে তাঁদের নিরাপদে গৌরীকুণ্ডে পৌঁছে দেওয়া হয়।
ভূমিধসের কারণে কেদারনাথ যাত্রাপথের ওই অংশে কিছু সময়ের জন্য যাতায়াত ব্যাহত হয়।
পাহাড় থেকে মাটি ও পাথর নেমে আসায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুণ্যার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান।
প্রশাসনের তরফে পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বৃষ্টি ও ভূমিধসপ্রবণ এলাকায় পরিস্থিতি বিবেচনা করে যাত্রা করার জন্য তীর্থযাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে।















































