কামাখ্যা থেকে মাদক নিয়ে আসার অভিযোগ, ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদন
মালদা: প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার-সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ।
সোমবার ধৃতদের সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ ও মালদা টাউন জিআরপি থানার পুলিশ যৌথভাবে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি ৫৮২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান।
ধৃতদের নাম জুবাইল শেখ ও আলেপ শেখ। দু’জনই কালিয়াচকের মোজমপুর ও মোমিনপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, কামাখ্যা থেকে ওই মাদক মালদায় নিয়ে আসার জন্য তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।















































