ইসলামপুর: আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ে ইসলামপুরের মুখ উজ্জ্বল করলেন শহরের কন্যা প্রেয়সী ঘোষ।
প্রতিবেশী দেশ নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছে।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেপাল- সহ একাধিক দেশের প্রতিযোগীদের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
কঠিন প্রতিযোগিতার মধ্যেও অসাধারণ দক্ষতা প্রদর্শন করে দ্বিতীয় স্থান দখল করে প্রেয়সী।
নিজের সাফল্য প্রসঙ্গে প্রেয়সী জানান, যোগাসনের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য অর্জন করাই তার লক্ষ্য।
প্রেয়সীর এই কৃতিত্বে আনন্দে উচ্ছ্বসিত তার পরিবার, পাড়া- প্রতিবেশী, শিক্ষক-শিক্ষিকা সহ শুভানুধ্যায়ীরা।
সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শনিবার তার গৃহশিক্ষক পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে তাকে সংবর্ধনা জানান ও এই সাফল্যের জন্য অভিনন্দিত করেন।
অন্যদিকে, ইসলামপুরের আরও এক গর্ব সুব্রত সেন এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় চিফ জাজ (Chief Judge) হিসেবে দায়িত্ব পালন করে।
আন্তর্জাতিক মঞ্চে বিচারকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনিও ইসলামপুরের নাম উজ্জ্বল করেছে।
প্রেয়সী ঘোষের এই সাফল্য ও সুব্রত সেনের আন্তর্জাতিক দায়িত্ব পালন – দুই মিলিয়ে ইসলামপুরের জন্য এটি এক গর্বের মুহূর্ত।















































