জেএমবি-যোগের সন্দেহে মসজিদের ইমামকে গ্রেফতার NIA-এর, মঙ্গলকোটে চাঞ্চল্য!

পূর্ব বর্ধমান: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে মসজিদের ইমামকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে পিয়ার মোহাম্মদ নামে ওই ইমামকে গ্রেফতার করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এনআইএ ও মঙ্গলকোট থানার যৌথ বাহিনী মঙ্গলবার ভোরে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালায়।

দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ভোর সাড়ে পাঁচটা নাগাদ মসজিদের ইমাম পিয়ার মোহাম্মদকে আটক করা হয়।

পরে তাঁকে মঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয় ও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পিয়ার মোহাম্মদের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির কোনও যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাঁর বাড়ি মন্তেশ্বর থানার কুলুট গ্রামে। গত তিন-চার বছর ধরে তিনি পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তদন্তে তাঁর পাসপোর্টে বাংলাদেশ সফরের তথ্যও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাবলিগ জামাতের কাজে বৈধভাবে প্রায় ৪০ দিন বাংলাদেশে ছিলেন তিনি।

ওই সফরের সময় তাঁর সঙ্গে জেএমবির কোনও সদস্যের যোগাযোগ হয়েছিল কি না, কোনও বৈঠকে অংশ নিয়েছিলেন কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয়দের একাংশের দাবি, পিয়ার মোহাম্মদকে তাঁরা শান্ত ও সাধারণ স্বভাবের মানুষ হিসেবেই চিনতেন।

তবে জেএমবি-যোগের সন্দেহে তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, পিয়ার মোহাম্মদের সঙ্গে আরও কারও যোগাযোগ রয়েছে কি না, কিংবা এই ঘটনার সঙ্গে কোনও বৃহত্তর নেটওয়ার্কের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না।

তদন্ত এগোলেই গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here