গঙ্গার প্লাবনের পর কাটা বাঁধে ভাসমান ফুটব্রিজ!

দক্ষিণ চণ্ডীপুরে নৌকাই ভরসা, দুর্ভোগ কমাতে প্রশাসনের উদ্যোগ

মালদা: গঙ্গার জলে প্লাবিত হয়েছিল মালদার ভূতনি থানা এলাকার বিস্তীর্ণ অংশ।

জলমগ্ন হয়ে পড়েছিল বহু বাড়িঘর, স্কুল, রাস্তাঘাট-সহ গুরুত্বপূর্ণ এলাকা।

প্লাবিত এলাকা থেকে দ্রুত জল বের করে দিতে প্রশাসনের উদ্যোগে দক্ষিণ চণ্ডীপুরের এক প্রান্তে বাঁধ কেটে দেওয়া হয়েছিল।

জল নামতে শুরু করলেও প্রায় ১০০ মিটার অংশে বাঁধ কেটে যাওয়ায় বর্তমানে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই অংশ দিয়ে পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা।

ফলে প্রতিদিন কাজে, স্কুলে কিংবা অন্যান্য প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের এই দুর্ভোগের কথা মাথায় রেখে এবার প্রশাসনের উদ্যোগে কাটা বাঁধের অংশে ভাসমান ফুটব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে লোহার কাঠামোর মধ্যে ড্রাম বসিয়ে তৈরি করা হচ্ছে এই ভাসমান সেতু। যানবাহন চলাচল সম্ভব না হলেও পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে এই সেতু দিয়ে পারাপার করতে পারবেন স্থানীয়রা।

প্রশাসনের এই উদ্যোগে সাময়িকভাবে হলেও যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন এলাকার বাসিন্দারা।

তবে স্থানীয়দের দাবি, এই অস্থায়ী ব্যবস্থার পাশাপাশি কাটা বাঁধের স্থায়ী সমাধানও প্রয়োজন। ভবিষ্যতে বাঁধের ভাঙা অংশে স্থায়ী ব্যবস্থা ও লগ গেট তৈরি করা হবে বলে প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here