নয়াদিল্লি: SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল INDIA জোটের নেতারা।
বৈঠকে উপস্থিত রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। রয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় – সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা।
বৈঠকে SIR প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণের কথা রয়েছে।
সূত্রের খবর, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও বৈঠকে জোরালোভাবে তোলা হতে পারে।
জানা গিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে লোকসভা ও রাজ্যসভায় ফের প্রস্তাব আনার জন্য একটি খসড়া নোটিস তৈরি রাখা হয়েছে।
INDIA জোটের বৈঠকে সেই খসড়া নিয়ে আলোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
একদিন আগেই SIR ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সমাজবাদী পার্টির হয়ে হরেন্দ্র মালিকের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। এছাড়াও আরজেডি নেতা তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির যোগ দেওয়ার কথা রয়েছে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিতে পারেন।
শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) প্রধান উদ্ধব ঠাকরেও ভার্চুয়ালি বৈঠকে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে।
এছাড়াও এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে, সিপিএম নেতা এম এ বেবি, সিপিআই নেতা ডি রাজা ও সিপিআই (এমএল)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বৈঠকে যোগ দিতে পারেন।
আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রন, আইইউএমএল নেতা সাদিক থাঙ্গাল, ভিসিকে প্রধান থিরুমাভালাভান ও এমডিএমকে নেতা ডি ভাইকোর উপস্থিতির কথাও রয়েছে।















































