সংস্কারের পর নতুন রূপে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাঁড়ি!

উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, বাড়ানো হবে নজরদারি ও পুলিশি টহল

শিলিগুড়ি: দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকার পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাঁড়ি।

বুধবার আনুষ্ঠানিকভাবে ফাঁড়িটির উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার চারু শর্মা, এসিপি অনির্বাণ মজুমদার, মাটিগাড়া থানার আইসি মনোজিৎ সরকার, মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ মৃন্ময় ঘোষ-সহ পুলিশের একাধিক আধিকারিক।

উদ্বোধনের পর সংস্কার করা ফাঁড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন পুলিশ কমিশনার। নতুন পরিকাঠামোতে পুলিশকর্মীদের জন্য একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি তৈরি করা হয়েছে বিশেষ সিসিটিভি কন্ট্রোল রুম।

এর মাধ্যমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোর সহ ওপিডি সংলগ্ন এলাকায় নজরদারি চালানো সম্ভব হবে।

সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গার্ডওয়াল ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসা নিয়েও কথা বলেন পুলিশ কমিশনার।

তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়, সেজন্য ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি আরও বাড়ানো হবে।

পুলিশ কমিশনারের বক্তব্য, সংস্কারের পর নতুন ভবন ও উন্নত পরিকাঠামোর মাধ্যমে ফাঁড়ির পুলিশকর্মীরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন। এর ফলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও ভালো পুলিশি পরিষেবা দেওয়া সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here