ধ্বংসস্তূপে চাপা শ্রমিকদের খোঁজে মরিয়া উদ্ধার অভিযান, তারাতলায় গুদাম বিপর্যয়ে আতঙ্ক!

কলকাতা: কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদে ধস।

বুধবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর থেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে প্রশাসন।

এখনও পর্যন্ত ১৩ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ধ্বংসস্তূপের নিচে আরও বহু শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে ৩০ থেকে ৫০ জন পর্যন্ত শ্রমিক থাকতে পারে।

উদ্ধারকাজে নামানো হয়েছে দমকল, পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) সহ ভারতীয় সেনাকে।

বিশাল লোহার বিম ও কংক্রিটের স্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী হাইড্রোলিক ক্রেন।

ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে আটকে পড়া শ্রমিকদের কাছে বাতাস ও জল পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই গুদামের কাঠামোতে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছিল।

পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েকজন শ্রমিক এগিয়ে গেলে আচমকাই ভেঙে পড়ে বহু তলা উঁচু ছাদ। মুহূর্তের মধ্যে চাপা পড়েন কর্মরত শ্রমিকরা।

ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।

আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে প্রস্তুত রাখা হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স।

এদিকে নিখোঁজ শ্রমিকদের খোঁজে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ।

উদ্ধারকারী দল টর্চ ও হ্যান্ড মাইকের সাহায্যে ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকা শ্রমিকদের সন্ধান চালিয়ে যাচ্ছে।

বেলা বাড় সঙ্গে সঙ্গে সময়ের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হয়ে উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here