বাবার বাড়িতে ঢুকে স্ত্রীকে ছুরিকাঘাত! পারিবারিক অশান্তির জেরে চাঞ্চল্য!

চার মাস আগে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, তিন দিন আগেই ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পর ফের অশান্তির অভিযোগ

মালদহ: পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে বাবার বাড়িতে ঢুকে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ।

ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার থানার নতুন নঘরিয়া নীচুটোলা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নীচুটোলা এলাকার বাসিন্দা কাস্তুরি বিবির সঙ্গে প্রায় ১২ বছর আগে বিয়ে হয় নুর আলম শেখের।

তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন নুর আলম।

এই অভিযোগে প্রায় চার মাস আগে তাঁর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল বলে পরিবারের দাবি।

পেশায় শ্রমিক নুর আলম কাজের সূত্রে বেশ কিছুদিন ভিনরাজ্যে ছিলেন। প্রায় তিন দিন আগে তিনি বাড়িতে ফেরেন।

শনিবার সকালে কাস্তুরি বিবি তাঁর বাবার বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

অভিযোগ, সেই সময় সেখানে পৌঁছে আচমকাই ধারালো চাকু দিয়ে স্ত্রীর পেটে আঘাত করেন নুর আলম। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কাস্তুরি।

অভিযোগ, ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান নুর আলম। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

ঘটনার পর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here