গোপন চেম্বার বানিয়ে চারচাকায় সোনা পাচারের ছক, পুলিশের হাতে ধরা ২!

গাড়ি থেকে উদ্ধার ৪৬৫ গ্রাম সোনা, বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

শিলিগুড়ি: চারচাকা গাড়িতে গোপন চেম্বার তৈরি করে সোনা পাচারের চেষ্টা রুখে দিল বাগডোগরা থানার পুলিশ।

এয়ারপোর্ট মোড় এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ৪৬৫ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শবন কুমার ও রমন কুমার। দু’জনেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিলিগুড়ি থেকে বিহারে ওই সোনা পাচারের পরিকল্পনা ছিল তাদের।

পুলিশের নজর এড়াতে চারচাকা গাড়ির ভিতরে বিশেষভাবে গোপন চেম্বার তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এয়ারপোর্ট মোড়ে গাড়িটিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ সেটি আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার পক্ষে প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় দু’জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহৃত চারচাকা গাড়িটিও।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। এই সোনা কোথা থেকে আনা হয়েছিল ও পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত দু’জনকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here