জলপাইগুড়ি: ভোরের আলো ফুটতেই মূর্তি নদীর ধারে দেখা মিলল জোড়া হাতির।
আর সেই খবর ছড়িয়ে পড়তেই হাতি দেখতে ভিড় জমালেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, এদিন ভোরে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোড়া মূর্তি বনবস্তি সংলগ্ন গরুমারা জঙ্গল লাগোয়া মূর্তি নদীর ধারে দুটি হাতিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পাশের রিসোর্টগুলিতে থাকা পর্যটকরাও হাতি দুটিকে এক ঝলক দেখতে নদীর ধারে ভিড় জমান।
দীর্ঘক্ষণ ধরে মূর্তি নদীর ধারে ঘোরাফেরা করতে দেখা যায় হাতি দুটিকে।
এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মূর্তি বিটের বনকর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরাও। বনকর্মীদের তৎপরতায় পরিস্থিতির উপর নজর রাখা হয়। পরে সকাল ৬টা নাগাদ হাতি দুটি মূর্তি নদী পেরিয়ে ফের গরুমারা জঙ্গলে প্রবেশ করে।














































