শিলিগুড়ি: ঐতিহ্য ও আভিজাত্যের মেলবন্ধনে এবার দর্শনার্থীদের মন জয় করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী ‘আলিঙ্গন’ পূজা কমিটি।
এবছর তাদের ১৭তম বার্ষিক জগদ্ধাত্রী পুজোয় থাকছে বিশেষ আকর্ষণ। রাজস্থানের রয়্যাল প্যালেসের আদলে তৈরি হচ্ছে নজরকাড়া মণ্ডপ। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি।
ক্লাবের সম্পাদক শংকর দে জানিয়েছেন, এবারের মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পী প্রদীপ মজুমদার।
অন্যদিকে, প্রায় ১৪ ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা নির্মাণ করছেন মৃৎশিল্পী অজিত পাল। রাজকীয় মণ্ডপসজ্জার সঙ্গে বিশালাকার প্রতিমার অপূর্ব মেলবন্ধন এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে।
আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পুজো চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
উৎসবের দিনগুলিতে মেলা প্রাঙ্গণকে কেন্দ্র করে থাকবে জমজমাট আয়োজন।
পাশাপাশি, প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই বিশাল আয়োজনকে সফল করে তুলতে নিরলস পরিশ্রম করে চলেছেন পূজা কমিটির সদস্যরা।
সম্পাদক শংকর দে ছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সুব্রত চক্রবর্তী, নির্মল বাগচী, তনুজ কুমার দে, দিলীপ দে, আস্তিক মণ্ডল সহ অমিতাভ ভট্টাচার্য।
সব মিলিয়ে রাজকীয় মণ্ডপ, ১৪ ফুটের প্রতিমা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণে এবারের জগদ্ধাত্রী পুজোকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত ‘আলিঙ্গন’ পুজো কমিটি।
উৎসবের আনন্দে শামিল হতে সর্বস্তরের মানুষকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।














































