শিলিগুড়ি: বাগডোগরার ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। তবে বাসচালকের উপস্থিত বুদ্ধি ও সময়োচিত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শিশু-সহ ৫০ জনেরও বেশি যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় খন্না হোটেল থেকে কিছুটা এগিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে শিশু-সহ ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা ট্রাফিক গার্ড এবং বাগডোগরা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি বাসটি নিরাপদে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তীতে পার্শ্ববর্তী কল্পতরু প্রজেক্ট থেকে হাইড্রা ও ক্রেন নিয়ে এসে বাসটিকে উদ্ধার করা হয়। পুলিশ ও উদ্ধারকর্মীদের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। স্বস্তির বিষয়, বাসটি উদ্ধার হওয়ার পর যাত্রীরা ওই বাসেই নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
অন্যদিকে, দুর্ঘটনার সময় বাসচালকের উপস্থিত বুদ্ধি ও তৎপরতার প্রশংসা করেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, চালক সময়মতো পরিস্থিতি সামাল না দিলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বিশেষ করে বাসে থাকা শিশু-সহ ৫০ জনেরও বেশি যাত্রীর জীবন বড়সড় বিপদের মুখে পড়তে পারত।
তবে কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে চালকের পাশাপাশি উদ্ধারকাজে যুক্ত পুলিশ ও সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।














































