প্রধানের পদত্যাগের দাবিতে গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ, অন্নপূর্ণা ভাণ্ডার-আবাস যোজনায় অনিয়মের অভিযোগ!

রাজগঞ্জ: প্রধানের পদত্যাগের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া, আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সুখানী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

বুধবার গরুহাটি এলাকা থেকে মিছিল করে শতাধিক বিজেপি কর্মী- সমর্থক পঞ্চায়েত কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাঁদের দাবি, “তৃণমূলের লোক যতদিন থাকবে, কোনও কাজ হবে না।”

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বহু যোগ্য আবেদনকারী একাধিকবার আবেদন করেও আর্থিক সহায়তা পাননি, অথচ অনেক সচ্ছল ব্যক্তি সেই সুবিধা পেয়েছেন বলে অভিযোগ তোলেন তাঁরা।

এছাড়াও আবাস যোজনা, সরকারি শৌচালয় নির্মাণ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বণ্টন সহ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পরিচালনায় অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

পাশাপাশি বর্তমান প্রধানের পদত্যাগের দাবিও জানান তাঁরা।

বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল রাজগঞ্জ থানার পুলিশ।

অন্যদিকে, সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে তা ২০১৮ সালের প্রকল্পের।

তিনি ২০২৩ সালে প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ ব্লক প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়।

বিক্ষোভকারীদের তোলা অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here