শিলিগুড়ি: উৎসবের আনন্দ সবার। সেই আনন্দে যাঁদের চোখে পৃথিবীর আলো ধরা দেয় না, তাঁদেরও সমানভাবে সামিল করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি।
পঞ্চম বর্ষে পদার্পণ করল সুভাষপল্লীর এই জগদ্ধাত্রী পুজো। আর পুজোর সূচনাতেই বিশেষ উদ্যোগের মাধ্যমে নজর কাড়লেন উদ্যোক্তারা।
বিধাননগরের ভিম বার ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন পড়ুয়াদের হাত ধরে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফিতে কেটে পুজোর সূচনা করে পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
উদ্বোধনের মধ্যেই নিজেদের উদ্যোগ সীমাবদ্ধ রাখেননি পুজো উদ্যোক্তারা। দৃষ্টিহীন পড়ুয়াদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তাঁদের পাশে থাকার বার্তাও দেন তাঁরা।
এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বিখ্যাত বুড়িমার আদলে নির্মিত প্রতিমা।
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম পরিচিত প্রতিমা বুড়িমার রূপ ও সাজসজ্জার অনুকরণে তৈরি প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
প্রতিমার বিশেষ রূপ দেখতে পুজোর দিনগুলিতে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ কর্মসূচি।
নবমীর দিন পুজো মণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি সন্ধ্যায় আয়োজন করা হবে বিশেষ আরতির। সেই আরতিতে এলাকার বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থী, সকলেই অংশগ্রহণ করতে পারবেন।
তবে প্রতিমার আকর্ষণ কিংবা ধর্মীয় আয়োজনকে ছাপিয়ে এবারের পুজোর সূচনায় সবচেয়ে বেশি নজর কেড়েছে দৃষ্টিহীন শিশুদের নিয়ে উদ্যোক্তাদের এই মানবিক উদ্যোগ।
পুজোর উদ্বোধনের মতো বিশেষ মুহূর্তে তাঁদের সামিল করে উৎসবের আনন্দে সমান অধিকার ও অংশগ্রহণের বার্তা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে কৃষ্ণনগরের বুড়িমার আদলে প্রতিমা, ধর্মীয় আয়োজন ও সামাজিক দায়বদ্ধতার অনন্য মেলবন্ধনে পঞ্চম বর্ষে সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো পেল এক বিশেষ মাত্রা।
উৎসব যে শুধু আলোকসজ্জা ও আনন্দের নয়, বরং মানবিকতা ও সম্প্রীতিরও বার্তা বহন করে, সেই বার্তাই তুলে ধরল এই পুজো কমিটি।














































