দুর্গাপুর: মদ, গাঁজা এমনকি ব্রাউন সুগারের আসর বসার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়া।
এলাকার অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে।
দুই পক্ষের সংঘর্ষে মাথা ফেটে রক্তাক্ত হলেন একাধিক মহিলা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি।
আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে কীভাবে কাজ করাতে হয়, আমাদের জানা আছে। সেইভাবেই করানো হবে।” বিধায়কের এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বাসিন্দাদের অভিযোগ, গোপালপুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরেই মদ ও গাঁজার ঠেক চলছে। এমনকি এলাকায় ব্রাউন সুগারের আসর বসার অভিযোগও উঠেছে।
এই ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সরব হয়েছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা।
অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই অপর পক্ষের সঙ্গে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় মারধর ও ধস্তাধস্তি।
অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয়। তাতেই গুরুতর জখম হন এক ব্যক্তি। মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন একাধিক মহিলা। আহতদের মধ্যে কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে রবিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। সোমবার সকালেও ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্বিতীয়বারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ, তার প্রতিবাদ ঘিরে সংঘর্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা ও অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।














































