বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষককে ছিনতাই! বাইকে লিফট দেওয়ার নাম করে নগদ ১২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের
শিলিগুড়ি: বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হলেন এক স্কুলশিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কানকাটা মোড় সংলগ্ন এলাকায়।
আক্রান্ত শিক্ষকের নাম সচিন রাই। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে বাইকে তুলে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী।
জানা গিয়েছে, গতকাল রাতে জলেশ্বরী থেকে বাড়ি ফিরছিলেন সচিন রাই।
সেই সময় কানকাটা মোড়ের কাছে এক বাইক আরোহী তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। বাড়ির কাছাকাছি নামিয়ে দেওয়ার আশ্বাসে ওই বাইকে ওঠেন শিক্ষক। কিন্তু কিছুটা যাওয়ার পর বাইকটি নির্দিষ্ট রাস্তার পরিবর্তে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় তাঁর। বিপদের আশঙ্কা বুঝতে পেরে চলন্ত বাইক থেকেই নেমে পড়েন তিনি।
অভিযোগ, এরপর বাইক থামিয়ে তাঁর কাছ থেকে নগদ প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার পর রাতেই আশিঘর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সচিন রাই।
পাশাপাশি বাইপাস এলাকায় দিনের পর দিন মদ্যপদের আড্ডা বাড়ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
এই ধরনের অপরাধমূলক ঘটনা রুখতে এলাকায় পুলিশের নিয়মিত টহলদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন আক্রান্ত শিক্ষক।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।














































