সীমান্তে দেশের পাহারায় বাবা, জাতীয় মঞ্চে সেরার মুকুট মেয়ের! ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৬’-এর বিজয়ী হয়ে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন রাজবংশী কন্যা নিহারিকা!

শিলিগুড়ি: বাবা দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত, আর মেয়ে জাতীয় মঞ্চে সেরার শিরোপা জিতে গর্বিত করলেন গোটা উত্তরবঙ্গকে। বাবার কাঁধে দেশের নিরাপত্তার গুরুদায়িত্ব, অন্যদিকে মেয়ের মুকুটে জাতীয় সাফল্যের পালক।

শিলিগুড়ির বৈকুণ্ঠপুর পল্লীর বাসিন্দা রাজবংশী পরিবারের কন্যা নিহারিকা বর্মনের এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে এলাকায়।

হরিয়ানার গুরুগ্রামে গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণের ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট উঠেছে নিহারিকার মাথায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২১ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একের পর এক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরার শিরোপা অর্জন করেন তিনি।

তাঁর এই জয় শুধু পরিবারের কাছেই নয়, রাজবংশী সমাজের পাশাপাশি গোটা উত্তরবঙ্গের কাছেও গর্বের বিষয় হয়ে উঠেছে।

তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। স্কুলজীবন থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল নিহারিকার।

ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় শিলিগুড়ির দাগাপুরে আয়োজিত ‘বেঙ্গল নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছিলেন তিনি। পরবর্তীতে পড়াশোনা ও অন্যান্য কারণে দীর্ঘদিন মডেলিং জগৎ থেকে দূরে থাকেন। তবে বন্ধুদের উৎসাহ ও অনুপ্রেরণায় চলতি বছরের মে মাসে নতুন করে স্বপ্নের পথে যাত্রা শুরু করেন। অংশ নেন ‘মিস নর্থ বেঙ্গল’ প্রতিযোগিতায় এবং সেখানে প্রথম স্থান অধিকার করেন।

এরপর রাজ্যস্তরের নির্বাচনী পর্ব পেরিয়ে জাতীয় মঞ্চে নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের দুই মাইল সেবক রোডের আইটিআই মোড় সংলগ্ন বৈকুণ্ঠপুর পল্লীতে নিহারিকার বাড়ি।

তাঁর বাবা সত্যেন জয় বর্মন এসএসবি-র জওয়ান। পেশাগত দায়িত্বের কারণে বছরের অধিকাংশ সময়ই তাঁকে সীমান্তে থাকতে হয়।

অন্যদিকে, মেয়ের বেড়ে ওঠা, পড়াশোনা ও স্বপ্নপূরণের পথে প্রধান ভরসা হয়ে থেকেছেন মা তাপসী বর্মন। দাদা প্রীতম বর্মন, মামা সুমির রায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও প্রতিটি পদক্ষেপে তাঁকে উৎসাহ জুগিয়েছেন।

বাবার কর্মসূত্রে নবম ও দশম শ্রেণির পড়াশোনা অরুণাচল প্রদেশে করতে হয় নিহারিকাকে। পরে শিলিগুড়ির একটি ইন্টারন্যাশনাল স্কুল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণি সম্পন্ন করেন। বর্তমানে শিলিগুড়ি কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইও চালিয়ে যাচ্ছেন সমানতালে।

জাতীয় স্তরে সাফল্যের পর এবার নিহারিকার লক্ষ্য আরও বড়। ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চান তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের সংস্কৃতি, নিজের রাজ্যের মাটি ও রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্য ও পরিচয় দেশ-বিদেশের দরবারে তুলে ধরার ইচ্ছা রয়েছে তাঁর।

ছোটবেলার আগ্রহ, মাঝের দীর্ঘ বিরতি এবং নতুন উদ্যমে প্রত্যাবর্তন – এই অভিজ্ঞতাগুলিই তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানিয়েছেন নিহারিকা।

মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আপ্লুত মা তাপসী বর্মন। বাবাকে দীর্ঘ সময় কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতে হলেও মেয়ের পাশে থেকে তার স্বপ্নপূরণের জন্য সবরকম সহযোগিতা করেছেন তিনি। আগামী দিনেও মেয়ে নিজের পছন্দের পথে এগিয়ে যাক এবং আরও বড় সাফল্য অর্জন করুক, সেটাই তাঁর একমাত্র কামনা।

একদিকে দেশের সীমান্তে কর্তব্যরত বাবা, অন্যদিকে জাতীয় মঞ্চে সাফল্যের মুকুট জয়ী মেয়ে – একই পরিবারের এই দুই গর্বের গল্প এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।

নিজের শিকড় ও পরিচয়কে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোর স্বপ্ন দেখছেন নিহারিকা। তাঁর এই জাতীয় সাফল্য যে আগামী দিনের আরও বড় স্বপ্নপূরণের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here