শিলিগুড়ি: রাতের অন্ধকারে দলছুট হয়ে লোকালয় সংলগ্ন চা বাগানে ঘোরাফেরা, আর সকাল হতেই নদীর ধারে ছোট্ট জঙ্গলে আশ্রয় নিল প্রায় ১৬টি হাতির একটি দল।
সেই দলে রয়েছে বেশ কয়েকটি শাবকও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরার গঙ্গারাম চা বাগান সংলগ্ন আচানাক বস্তি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হাতির দলটি দলছুট হয়ে গঙ্গারাম চা বাগান এলাকায় চলে আসে।
রাতভর চা বাগান সংলগ্ন এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর বনবিভাগের কর্মী ও এলিফ্যান্ট স্কোয়াডের দল। রাত থেকেই হাতিগুলির গতিবিধির উপর নজর রাখা শুরু করে বনকর্মীরা।
সকালে বনদপ্তরের প্রাথমিক অনুমান ছিল, হাতির দলটি চেঙ্গা নদী পার করে জঙ্গলের দিকে চলে গিয়েছে।
তবে নদীর ওপারে হাতির কোনও পদচিহ্ন না মেলায় নতুন করে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। এরপর আচানাক বস্তি সংলগ্ন নদীর ধারের একটি ছোট জঙ্গলে হাতির দলটিকে বিশ্রাম নিতে দেখা যায়।
হাতিগুলির সঙ্গে শাবক থাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করছেন বনকর্মীরা।
তাদের বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে গোটা দলের উপর নজরদারি চালানো হচ্ছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে বিকেল তিনটে-চারটের পর বিশেষ নজরদারিতে হাতির দলটিকে বাগডোগরা জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।
হাতির দলটিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছেন বনবিভাগ ও এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা।














































