ট্রাকচালককে মারধর ও তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ দুই ধৃত! মূল অভিযুক্ত এখনও অধরা!

শিলিগুড়ি: নৌকাঘাট সংলগ্ন তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর ও তোলাবাজির অভিযোগের ঘটনায় নতুন মোড়।

মঙ্গলবার দুই ধৃত অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ।

দু’জনেই মাটিগাড়ার পতিরামজোতের বাসিন্দা ও সম্পর্কে ভাই। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের রবিবার রাতে তিনবাত্তি মোড় এলাকায় ভিনরাজ্যের একটি চালবোঝাই ট্রাক আটক করে চালককে মারধর ও তোলাবাজির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মোট তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি চারচাকা গাড়ি, ট্রাক ও ট্রাকচালককে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আটক করা হয় দুই অভিযুক্তকে। পরে তাঁদের গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পেশ করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here