নামখানা: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কায় উপকূলজুড়ে সতর্কতা জারি করল প্রশাসন। দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সকাল থেকেই সতর্কতামূলক প্রচারে নেমেছে নামখানা থানার পুলিশ। জলপথে নৌকা নিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে যাতে কেউ নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যান, সে বিষয়েও প্রচার চালানো হচ্ছে।
পাশাপাশি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের বিপদ সম্পর্কে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার ও পরবর্তী নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।
সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই উপকূলজুড়ে শুরু হয়েছে আগাম প্রস্তুতি। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। মৎস্যজীবী ও উপকূলবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে জানানো হয়েছে।














































