কলকাতা: ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনে গিয়ে মানবিকতার এক অনন্য নজির গড়লেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
গঙ্গায় ডুবে যেতে থাকা একটি কুকুরকে উদ্ধার করতে তাঁর তৎপরতা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
বাবুঘাটে ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনের সময় এই ঘটনাটি নজরে আসে মন্ত্রীর।
জানা গিয়েছে, পরিদর্শন চলাকালীন বাবুঘাট সংলগ্ন গঙ্গায় একটি কুকুরকে ডুবে যেতে দেখেন মন্ত্রী। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুহূর্তের মধ্যেই উদ্ধারকাজের উদ্যোগ নেন তিনি। দ্রুত এনডিআরএফের (NDRF) সাহায্য নেওয়া হয়।
উদ্ধারকারী দলের তৎপরতায় শেষ পর্যন্ত কুকুরটিকে নিরাপদে জল থেকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর কুকুরটির শারীরিক অবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হয়।
তাকে প্রয়োজনীয় উষ্ণতা ও খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। কুকুরটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরেই সেখান থেকে ফিরে যান মন্ত্রী।
ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনের ব্যস্ততার মাঝেও একটি অবলা প্রাণের জীবন বাঁচাতে মন্ত্রীর এই উদ্যোগ মানবিকতার বার্তা দিয়েছে।
ধর্মীয় উৎসবের আবহে এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, মানুষের পাশাপাশি অবলা প্রাণীদের প্রতিও দায়িত্ব ও সহমর্মিতা সমানভাবে গুরুত্বপূর্ণ।














































