শিলিগুড়ি: শহরের ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন এলাকার একটি ঝোপ থেকে মর্টার শেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
শুক্রবার স্থানীয় বাসিন্দারা ওই এলাকার একটি ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
এরপরই দ্রুত ভক্তিনগর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা খতিয়ে দেখা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিয়ে যায়।
তবে শহরের জনবহুল এলাকার কাছাকাছি একটি ঝোপের মধ্যে কীভাবে ওই মর্টার শেলটি এল, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথা থেকে ও কীভাবে সেটি সেখানে পৌঁছল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।














































