শিলিগুড়ি: তরুণী তানিশা ঘোষের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড়। মৃত্যুর মাত্র তিনদিনের মাথায় শনিবার সকালে শিলিগুড়ির শান্তিনগর এলাকা থেকে তানিশার মা দীপশিখা ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ।
এদিন তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
অন্যদিকে, পরিবারের অভিযোগের ভিত্তিতে তানিশার মায়ের বান্ধবী পলাশী দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পেশ করা হয়।
তানিশার মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ২৩ নম্বর ওয়ার্ডে। শেষকৃত্যের জন্য তানিশার দেহ বাড়িতে নিয়ে আসার পরই প্রতিবাদে সরব হন পরিবারের সদস্যরা।
তাঁদের অভিযোগ, সুদের টাকা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বেশ কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল তানিশার। সেই অভিযোগ সামনে রেখেই দেহ বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।
এরপর এলাকার এক মহিলার বাড়ির সামনেও বিক্ষোভ শুরু হয়। পরিবারের দাবি, ওই মহিলার সঙ্গে সুদের টাকার লেনদেন চলত।
অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তানিশার দাদা ও তাঁর কয়েকজন বন্ধু ওই মহিলার বাড়িতে চড়াও হন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঋণের টাকা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল।
তানিশার দাদার অভিযোগ, পলাশী দাস তাঁর বোনের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছিলেন। পাশাপাশি, তাঁর মায়ের নামে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ঋণ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত বলে দাবি পরিবারের।
তবে এই আর্থিক লেনদেনের সঙ্গে তানিশার মৃত্যুর কোনও সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তানিশার মা ও মায়ের বান্ধবীর গ্রেপ্তারির পর রহস্যমৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।














































