হরিয়ানা: ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন মাইলফলক।
আজ দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হরিয়ানার জিন্দ – সোনিপত রুটে এই অত্যাধুনিক ট্রেনের প্রথম যাত্রা শুরু হবে।
প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এই রুট অতিক্রম করতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা।
১০ কোচ বিশিষ্ট এই ট্রেনে থাকবে ৮টি যাত্রীবাহী কোচ সহ ২টি পাওয়ার কার।
প্রায় ২,৪০০ কিলোওয়াট শক্তি উৎপাদনে সক্ষম এই ট্রেন একসঙ্গে প্রায় ২,৬০০ জন যাত্রী বহন করতে পারবে।
ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে চলবে ট্রেনটি।
ডিজেল বা বৈদ্যুতিক ট্রেনের তুলনায় হাইড্রোজেন ট্রেনের প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন।
বিশেষ উচ্চচাপযুক্ত ট্যাঙ্কে সংরক্ষিত হাইড্রোজেন গ্যাস ফুয়েল সেলের মাধ্যমে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন করবে।
সেই বিদ্যুৎই ট্রেন চালানোর শক্তি জোগাবে।
হরিয়ানার জিন্দে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন উৎপাদনের জন্য বিশেষ প্ল্যান্টও তৈরি হয়েছে।
যাত্রীদের জন্য থাকছে আধুনিক সব সুবিধা স্বয়ংক্রিয় দরজা, ডিসি এয়ার কন্ডিশনিং, আরামদায়ক আসন ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা।
ট্রেনটির জন্য পৃথক হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশনও গড়ে তোলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই হাইড্রোজেন ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর পরিবেশবান্ধব প্রযুক্তি।
ডিজেলচালিত ট্রেনের তুলনায় এর কার্বন নিঃসরণ প্রায় শূন্য, ফলে বায়ুদূষণ কমানোর পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উদ্যোগ।
সবুজ জ্বালানির ব্যবহার বাড়িয়ে পরিবেশবান্ধব ও আধুনিক রেল পরিষেবার দিকে ভারতের অগ্রযাত্রায় এই হাইড্রোজেন ট্রেন একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।














































