বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভ চলাকালীন কাউন্সিলর অদিতি মণ্ডলের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আদায় (কাটমানি) সংক্রান্ত অভিযোগ তুলে মঙ্গলবার কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হন ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ।
তারা অভিযোগ করেন, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে ও কাটমানির টাকা ফেরতের দাবি জানান।
অভিযোগ, সেই সময় কাউন্সিলরের স্বামী জগন্নাথ মণ্ডল বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
কিন্তু কথা কাটাকাটি থেকে উত্তেজনা বাড়তে থাকলে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
এরপর বিক্ষোভকারীদের একাংশ বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
মোটরবাইক-সহ বাড়ির একাধিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, কাউন্সিলরের স্বামী বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ও সেই অর্থে একাধিক বাড়ি নির্মাণ করেছে।
তবে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর অদিতি মণ্ডল বা তাঁর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















































