‘প্রেস’ স্টিকার লাগিয়েও রক্ষা পেল না! ৬১ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই, বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা!

মুর্শিদাবাদ: পুলিশের নজর এড়াতে চারচাকা গাড়ির সামনে লাগানো হয়েছিল ‘প্রেস’ স্টিকার। কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা-সহ দুই যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৬১ কেজি।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও।

ধৃতদের নাম রাসিদুল শেখ (২৩) ও নুর হোসেন (১৮)। রাসিদুলের বাড়ি মালদার গাজোল থানার রসিকপুর গ্রামে। অন্যদিকে নুর হোসেন উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের কাছে খবর আসে, একটি চারচাকা গাড়িতে করে নবগ্রাম হয়ে মালদার দিকে গাঁজা পাচার করা হচ্ছে।

খবর পেয়েই আইসির নেতৃত্বে পুলিশের বিশেষ দল সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর জলট্যাংকি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে। বিকেলের দিকে সন্দেহজনক মহিন্দ্রা গাড়িটি সেখানে পৌঁছতেই সেটিকে আটক করে পুলিশ।

গাড়ির সামনে ‘প্রেস’ লেখা স্টিকার থাকলেও চালক ও তাঁর সঙ্গীর কাছে সাংবাদিকতার কোনও বৈধ পরিচয়পত্র মেলেনি। এরপর সামশেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক গাঁজার বস্তা। সব মিলিয়ে প্রায় ৬১ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দুই যুবককে গ্রেফতার করা হয়।

শনিবার রাতে সামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে অভিযানের বিস্তারিত তথ্য জানান ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং।

তিনি জানান, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে কয়েক দফায় রুট পরিবর্তন করে মালদায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। পুলিশের নজর এড়াতেই গাড়িতে ভুয়ো ‘প্রেস’ স্টিকার ব্যবহার করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।

এই পাচারচক্রের পিছনে আরও কারা জড়িত রয়েছে ও মাদক কারবারের মূল মাথাদের পরিচয় কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here