দুর্গাপুর: থানার ভিতরে পুলিশের হেফাজতে থাকা অবস্থাতেই বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেল গাড়ি চুরির অভিযোগে ধৃত এক ব্যক্তি।
চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছে থানার নিরাপত্তা ও পুলিশি নজরদারি। ঘটনার খবর সামনে আসতেই কোকওভেন থানায় পৌঁছন আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা।
অন্যদিকে, পলাতক অভিযুক্তের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক ব্যক্তির নাম মনোজ চক্রবর্তী। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদায়। অভিযোগ, দুর্গাপুর স্টেশন সংলগ্ন গাড়ি স্ট্যান্ড থেকে একটি টাটা সুমো চুরি করেছিলেন তিনি। ঘটনার তদন্তে নেমে কোকওভেন থানার পুলিশ শুক্রবার রাতে বিহারের ঔরঙ্গাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, গাড়ি চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু অভিযুক্তকে থানায় নিয়ে আসার পরই ঘটে বিপত্তি।
পুলিশের নজরদারি এড়িয়ে থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে যান তিনি। থানার ভিতরে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন।
ঘটনার পর কোকওভেন থানায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। কীভাবে অভিযুক্ত পালাতে সক্ষম হলেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। থানার মতো সুরক্ষিত জায়গা থেকে ধৃতের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশি নিরাপত্তা ও নজরদারির ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।














































