কলকাতা: বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। এই পুণ্যতিথিতেই তারাপীঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। তাই কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও তারাপীঠে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। ভোরের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের ধর্মীয় আচার। এরপর দিনভর চলে মা তারার পুজো ও দর্শন।
কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মা তারার চরণে প্রণাম জানিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লেখেন, “মা তারার অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। দূর হোক অশুভ ও অন্ধকার। তারা মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। সকলকে জানাই কৌশিকী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। জয় মা তারা।”
এদিকে এবছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিপুল ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ৪ হাজারের বেশি পুলিশ। তৈরি করা হয়েছে ২৭টি পুলিশ সহায়তা কেন্দ্র ও ১১টি ওয়াচ টাওয়ার। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।
অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতি মোকাবিলাতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তার জন্য রাখা হয়েছে অগ্নিনির্বাপণ রোবট, দমকল বাহিনী সাথে মন্দির চত্বরে ৩০টি অগ্নিনির্বাপক যন্ত্র। পাশাপাশি ২৫ জনের বিপর্যয় মোকাবিলা দল ও ৮টি সেবাশিবির প্রস্তুত রাখা হয়েছে।
কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে। তিথি শেষ হবে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে।
অন্যদিকে, এবারের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে দর্শনের ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন। কাগজের কুপনের পরিবর্তে চালু হয়েছে ডিজিটাল ভিআইপি দর্শনের ব্যবস্থা। তিরুপতি ও বারাণসীর ধাঁচে নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিশেষ দর্শনের টিকিট বুক করা যাবে। মন্দিরে প্রবেশের সময় ডিজিটাল টিকিট স্ক্যান করলেই মিলবে প্রবেশের সুযোগ।
এতদিন বিশেষ দর্শনের জন্য ৫০০ টাকা দিয়ে কাগুজে কুপন সংগ্রহ করে নির্দিষ্ট লাইনে দাঁড়াতে হত পুণ্যার্থীদের। নতুন ডিজিটাল ব্যবস্থায় সেই কাগুজে কুপনের বদলে ব্যবহার করা হবে ডিজিটাল টিকিট। ফলে বিশেষ দর্শনের টিকিট সংগ্রহ ও প্রবেশের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।















































