রাস পূর্ণিমায় উৎসবের আবহ পেল্কু জোতে, তিন দিনব্যাপী রাস মেলার সূচনা!

শিলিগুড়ি: রাস পূর্ণিমাকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠল দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের পেল্কু জোত। রাস উৎসব উপলক্ষে এলাকার বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী রাস মেলা, ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিক।

এদিন পেল্কু জোতের জীবনেশ্বরী যুব সংঘ ক্লাবের উদ্যোগে রাস মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও খাদা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রাস উৎসব উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে উপস্থিত হন বহু মানুষ।

জীবনেশ্বরী যুব সংঘ ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএসের উত্তরবঙ্গের প্রান্ত প্রচারক শ্যামাচরণ রায়, মাটিগাড়ার বিডিও প্রীতম দাস শর্মা, রাজ্যের পরিবহন ও অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, মাটিগাড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মানবেন্দ্র সিনহা, বিএলআরও কৈলাস সরকার সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে, পেল্কু জোতে কামেশ্বরী স্মৃতি সংঘের উদ্যোগেও আয়োজন করা হয় রাস মেলার। সেখানেও উপস্থিত ছিলেন মন্ত্রী আনন্দময় বর্মন, মানবেন্দ্র সিনহা-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, ক্লাব সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিদের পুষ্পস্তবক ও খাদা পরিয়ে সংবর্ধনা জানানোর পর প্রদীপ প্রজ্বালন ও ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী আনন্দময় বর্মন। উদ্বোধনের পর উপস্থিত অতিথিদের সঙ্গে রাসচক্রে অংশ নেন তিনি। তাঁদের উপস্থিতিতে উৎসবের আনন্দ আরও বেড়ে ওঠে। রাসচক্রকে কেন্দ্র করে ধর্মীয় আবহে মেতে ওঠেন ভক্ত ও দর্শনার্থীরা।

রাস পূর্ণিমার এই উৎসবকে কেন্দ্র করে পেল্কু জোতের বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে এলাকার ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলায় বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দা ও দর্শনার্থীরা। সব মিলিয়ে রাস মেলাকে কেন্দ্র করে পেল্কু জোতে তৈরি হয়েছে এক মিলনমেলার পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here