মহামতি প্রাণনাথজির আশীর্বাদ স্মরণে কুঞ্জকুটিতে ভক্তদের ঢল
কালিম্পং: শ্রীকৃষ্ণ প্রণামী ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র মঙ্গলধাম কালিম্পংয়ের উদ্যোগে ঐতিহ্য ও ধর্মীয় মর্যাদার সঙ্গে আয়োজিত হলো বার্ষিক ‘পৃথ্বী পরিক্রমা’ মহোৎসব। কালিম্পং মূলমন্দির থেকে ইচ্ছেমন্দির হয়ে ঐতিহাসিক কুঞ্জকুটিতে এই মহোৎসব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই পবিত্র স্থানেই ব্রহ্মলীন গুরুজি শ্রী মঙ্গলদাসজি মহারাজ কঠোর তপস্যা ও সাধনায় মগ্ন ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ প্রদান করেন কালিম্পং মঙ্গলধামের বর্তমান গুরুজি শ্রী ১০৮ মোহনপ্রিয়াচার্যজি। উপস্থিত ছিলেন লীলারস সাগর মহারাজজি-সহ অন্যান্য সাধুসন্ত। পাশাপাশি বাইজি রাজ মণ্ডলী, প্রেম সৎসঙ্গ মণ্ডলী, যুব সমিতি ও সুন্দর সাথের সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মহোৎসবের ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তারা জানান, এই পবিত্র দিনেই মহামতি স্বামী শ্রী প্রাণনাথজি বুন্দেলখণ্ডের বীর মহারাজা ছত্রসালকে দিব্য আশীর্বাদ প্রদান করেছিলেন। তাঁর আশীর্বাদ ছিল, যেখানে মহারাজা ছত্রসালের ঘোড়ার মুখ যাবে, সেখানেই তাঁর বিজয় নিশ্চিত হবে। সেই ঐতিহাসিক স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানে।
সনাতন ঐতিহ্য ও মহামতি প্রাণনাথজির আশীর্বাদের এই স্মৃতিকে অম্লান রাখতে ব্রহ্মলীন গুরুজি শ্রী মঙ্গলদাসজি মহারাজ এই পৃথ্বী পরিক্রমা মেলার সূচনা করেছিলেন। সেই পরম্পরা আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে আসছে মঙ্গলধাম কালিম্পং।
মহোৎসব উপলক্ষে কুঞ্জকুটিতে পুজো-অর্চনা ও পৃথ্বী পরিক্রমায় অংশ নেন অসংখ্য ভক্ত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষের সমাগম ঘটে। ভজন-কীর্তন, সৎসঙ্গ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। গোটা আয়োজনকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় ভক্তিময় পরিবেশ।














































