১৬ ঘণ্টা কাজ করানোর অভিযোগ, একাধিক দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরের সামনে শ্রমিক সংগঠনের বিক্ষোভ!

জলপাইগুড়ি: একাধিক শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট দাবিতে জলপাইগুড়ি জেলা পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন। বুধবার সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন।

সংগঠনের অভিযোগ, নতুন নতুন পানীয় জল প্রকল্পে একই কর্মীকে দিয়ে টানা ১৬ ঘণ্টা ধরে জল উত্তোলন, শোধন এবং সরবরাহের কাজ করানো হচ্ছে। এর ফলে শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের চাপ ও শোষণ চলছে। অবিলম্বে এই ব্যবস্থা বন্ধ করার দাবি জানান তাঁরা।

এদিন সমকাজে ঠিকাদার প্রথা বাতিল করে সমবেতন চালু ও শ্রমিকদের প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও তোলা হয়। পাশাপাশি প্রতিটি পানীয় জল প্রকল্পে দু’জন করে পাম্প ও ভাল্‌ভ অপারেটর নিয়োগ, বর্তমানে কর্মরত আইপি ভাল্‌ভ অপারেটরদের দীর্ঘদিনের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। দাবিগুলি কার্যকর না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here