শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের ৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বাড়ল। অর্জুন সাহানির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১৪৮ জন কর্মী-সমর্থক কংগ্রেসে যোগদান করলেন। বুধবার দার্জিলিং জেলা কংগ্রেস দপ্তর বিধান ভবনের রবীন পাইন মেমোরিয়াল হলে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিকের উপস্থিতিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
এদিন সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক জানান, কংগ্রেসের আদর্শ, ধর্মনিরপেক্ষতার লড়াই ও সংবিধান রক্ষায় রাহুল গান্ধীর আন্দোলনে অনুপ্রাণিত হয়েই ১৪৮ জন কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যোগদানকারীরা দলের নীতি- আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি আগামী দিনে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের লিখিত অঙ্গীকার করেছেন বলেও জানান তিনি।
জেলা নেতৃত্বের আশা, এই যোগদানের ফলে শিলিগুড়ি শহরে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে সাথে বিশেষ করে ৪ নম্বর ওয়ার্ডে দলীয় সংগঠনের বিস্তার ঘটবে। আগামী দিনে সংবিধান রক্ষার দাবিতে ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচিতেও নবাগতরা সক্রিয়ভাবে অংশ নেবেন বলে আশাবাদী নেতৃত্ব।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক, জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি জীবন মজুমদার, দার্জিলিং জেলা যুব কংগ্রেস সভাপতি রোহিত তিওয়ারি, কংগ্রেস ব্লক-২ সভাপতি রাজেশ যাদব, প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত ও প্রাক্তন এনএসইউআই সভাপতি শাহনওয়াজ হুসেন-সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব।














































