বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে উত্তরকন্যা অভিযান NSQF কর্মীদের, ১৫ আগস্টের মধ্যে সমাধানের আলটিমেটাম!


শিলিগুড়ি: নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কিল শিক্ষা ব্যবস্থাকে পূর্বতন সরকার কার্যত ধ্বংস করে দিয়েছিল ও কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নিয়মনীতি না মেনেই দীর্ঘদিন এই প্রকল্প পরিচালিত হয়েছে – এমনই অভিযোগ তুলে বেতন বৃদ্ধি- সহ একাধিক দাবিতে শুক্রবার উত্তরকন্যা অভিযানে সামিল হন ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF)-এর সদস্যরা।


আন্দোলনকারীদের দাবি, এজেন্সির মাধ্যমে প্রকল্প পরিচালিত হওয়ায় স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে ও তার জেরে দুর্নীতিও বাসা বেঁধেছে।

দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তাঁরা ন্যায্য বেতন ও পরিষেবাগত সুযোগ – সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন।

বিক্ষোভকারীরা আগামী ১৫ আগস্টের মধ্যে তাঁদের দাবি পূরণের জন্য সরকারের কাছে সময়সীমা বেঁধে দেন।


তবে উত্তরকন্যার উদ্দেশে মিছিল এগোতেই তিনবাত্তি মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।

পরে পুলিশের অনুমতিতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উত্তরকন্যায় গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে দাবিপত্র তুলে দেন।

আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here