চেকপোস্টের কাছে কয়লাবোঝাই ট্রাকে ভয়াবহ আগুন, আতঙ্ক পার্কিং এলাকায়
কুলটি: পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় কয়লাবোঝাই একটি ট্রাকে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
ঘটনাটি ঘটে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পার্কিং এলাকায়।
আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়তেই পার্কিং এলাকায় থাকা অন্যান্য গাড়ির চালক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
জানা গিয়েছে, এম.ডি. সিরাজ নামে ওই ট্রাকচালক ঝাড়খণ্ডের নিরসা থেকে বৈধ কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ডুবুরডিহি চেকপোস্টের কাছে পার্কিং এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রাখার সময় আচমকাই ট্রাকে আগুন দেখতে পান তিনি।
মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
খবর পেয়ে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় চালক ও ব্যবসায়ীদের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
ট্রাকচালকের দাবি, গাড়িতে থাকা কয়লার সমস্ত নথিপত্র বৈধ ছিল। তবে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কীভাবে ট্রাকে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ ও কুলটি থানার পুলিশ।















































